২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল দিয়েছে অস্ট্রেলিয়া। চোট আক্রান্ত প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডকে রেখেছে তারা। মিচেল মার্শকে অধিনায়ক করে ১৫ সদ্যসের দল নিয়ে ভারত-শ্রীলঙ্কার মঞ্চে যাবে অজিরা।
ডাক পেয়েছেন মাত্র ছয় আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা অলরাউন্ডার কুপার কনোলি। জায়গা হয়নি মিচেল ওয়েন ও বেন ডারউইশের। কনোলির কারণে অ্যাডাম জাম্পা, ম্যাট কুহনেম্যান ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে অজিদের আরেকজন স্পিন বিকল্প যোগ হয়েছে।
আশেজের শেষ টেস্টে ছিটকে পড়া কামিন্সকে রাখা হয়েছে। জানুয়ারির শেষে তার পিঠে স্ক্যান করে অবস্থা মূল্যায়ন করা হবে, এরপর দলের সাথে যোগ দেবেন। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস চোটে থাকা হ্যাজেলউড পুরো অ্যাশেজ নেই, তার চোটের অবস্থা বিবেচনা করেই রাখা হয়েছে। হ্যামস্ট্রিং চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন ডেভিড, তাকেও রাখা হয়েছে।
দলে নেই কোন বাঁহাতি পেসার। সিডনি সিক্সার্সের হয়ে ভালো পারফম্যান্স করা বেন ডারউইশ বাদ পড়েছেন। মিচেল স্টার্ক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন, স্পেন্সার জনসনের চোট আছে। সম্প্রতি জাতীয় দল ও হোবার্ট হ্যারিকেনসের হয়ে বিগ ব্যাশে নিয়মিত মিচেল ওয়েনও বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতবছর জুলাইতে অভিষেক হওয়া অলরাউন্ডার ২০২৫ সালে ১৩টি অন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন।
কামিন্স বা হ্যাজেলউড সময়ের আগে সুস্থ না হলে ডাক পড়তে পারে ডারউইশের। ফেব্রুয়ারির শুরুতে সাপোর্ট সময় শুরু হওয়া পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। পেস বোলিং রিজার্ভ হিসেবে শন অ্যাবটও বিবেচনায় আছেন অজিদের।
জাতীয় দল নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘টি-টুয়েন্টি দল সাম্প্রতিক সময়ে দীর্ঘ সফলতা পেয়েছে। যা শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ স্কোয়াড বেছে নিতে আমাদের সাহায্য করেছে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড ভালোভাবেই এগোচ্ছেন এবং আমরা আত্মবিশ্বাসী তারা বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। এটি একটি প্রাথমিক স্কোয়াড, প্রয়োজন হলে সাপোর্ট সময়ের আগে পরিবর্তন আনা হবে।’
অবাক বিষয় হল, ১৫ সদস্যের স্কোয়াডে দ্বিতীয় কোন উইকেটরক্ষক রাখা হয়নি। জশ ইংলিস যদি সমস্যায় পড়েন, জরুরি বিকল্পের ঝুঁকি থাকবে। অতীতে এমন পরিস্থিতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের দায়িত্ব ম্যাক্সওয়েল সামলেছিলেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে অজিরা। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু করবে। গ্রুপপর্বে তারা খেলবে জিম্বাবুয়ে, ওমান ও স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে। চার ম্যাচই হবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষদিকে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে অজিরা।
অস্ট্রেলিয়া দল- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা।







