হাসপাতালে ভর্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। শ্বাসকষ্ট নিয়ে ১২ জুন থেকে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চলছে চিকিৎসা।
চ্যানেল আই অনলাইনকে সুজেয় শ্যামের জামাতা দীপংকর বলেন, এমনিতেই তার (সুজেয় শ্যাম) শ্বাসকষ্টে সমস্যা আছে। কয়েক দিন আগে এই সমস্যা আবার দেখা দেয়। আমরা একাধিক হাসপাতালে তাকে নিয়ে যাই। পরীক্ষা করে জানতে পারি উনার হার্টের রিদমে সমস্যা হচ্ছিলো। পরে চিকিৎসকের পরামর্শে পিজি হাসপাতালে নিয়ে আসি।
১২ জুন থেকে পিজিতেই চলছে বহু শ্রোতাপ্রিয় গানের এই শিল্পী, সুরকারের চিকিৎসা। দীপংকর জানান, আগের চেয়ে এখন তার অবস্থা বেশ স্থিতিশীল। শনিবার (১৫ জুন) এনজিওগ্রাম করার কথা ছিলো। কিন্তু কিছু জটিলতার কারণে সেটা হচ্ছে না। এখন সেটা আগামি শনিবার (২২ জুন) করতে হবে। পেসমেকার বসাতে হবে। ততোদিন হাসপাতালেই থাকতে হবে সুজেয় শ্যামকে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘আয়রে মজুর কুলি’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’সহ বহু দেশাত্ববোধক গান লিখেছেন ও সুর করেছেন তিনি।







