জালাল উদ্দিন: মৌলভীবাজারের জুড়ী এলাকায় প্রায় তিন লাখ টাকা মূল্যের চিনিভর্তি ভারতীয় একটি ট্রাক আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
জুড়ী থানা পুলিশ জানায়, শনিবার গভীর রাতে বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চিনি জব্দ করা হয়। চালকের নিকট উক্ত চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় চিনিসহ ট্রাক চালককে আটক করে থানায় আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাক চালক মোঃ খায়রুল ইসলাম (২৭) ভারতীয় চিনি বাংলাদেশে পাচার করছিলেন। বড়লেখার একটি সীমান্ত দিয়ে এই চিনিগুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে দেশীয় বিভিন্ন বস্তায় ভরে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।
আটক চালক খায়রুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে কুলাউড়া থানার চাতলগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। চিনি চোরাচালানে তার সাথে আরও কয়েকজন লোক জড়িত বলে জানায় খায়রুল ।
এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








