বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার ঘটনায় হল ত্যাগ না করে ৪ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের একাংশ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার পর বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কামাল রঞ্জিত মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা দাবি করছেন তারা। এছাড়া প্রক্টরিয়াল বডির পদত্যাগ, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন ও বহিরাগতদের হামলায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি দাবি করছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। নারী শিক্ষার্থীদের হল থেকে জোর করে বের করে দেওয়ারও অভিযোগ করেছেন তারা। ক্যাম্পাসে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে বেশিরভাগ নারী শিক্ষার্থী আবাসিক হল ছেড়েছেন।








