শিক্ষা

হামলাকারী সহপাঠীদের বয়কটের ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়কটের ঘোষণা নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের বয়কটের ঘোষণা ও সমর্থন জানানো হচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও তাদের ব্যাচের সহপাঠীরা। শিক্ষার্থীরা নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন।

সোমবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানোর অভিযোগ উঠে। এরপর রাত ১২টা থেকে এখন পর্যন্ত এই বয়কটের ডাক অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা, লোক প্রশাসন, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দেন।

সামাজিক মাধ্যমে দেখা গেছে, নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে লিখছেন, কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।

উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জনের ওপর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়:জগন্নাথ বিশ্ববিদ্যালয় বয়কট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…