মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৭ দশমিক ১।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাবাহর রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অনেক গভীরে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি গভীর সমুদ্রতলে সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা কম। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। তারা স্পষ্ট করেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির ঝুঁকি নেই।
অন্যদিকে, মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও পার্শ্ববর্তী সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।






