ক্রিকেট

চোটের কাছে হার মেনে ক্রিকেটকেই বিদায় ফিনের

England cricketer in white uniform during match, focused and intense. Channel i News - চ্যানেল আই নিউজ

England cricketer in white uniform during a match, showing concentration and focus. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় একবছর পর চোট কাটিয়ে ঘরোয়া লিগে বল করতে নেমে আবারও চোটে পড়েন ইংল্যান্ডের স্টিভেন ফিন। শেষ পর্যন্ত চোটের কাছে হার মেনে সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ৩৪ বর্ষী পেসার।

বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে অভিষেক হয়েছিল ফিনের। প্রায় ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ২৫৪ উইকেট পেয়েছেন। ৩৬ টেস্ট খেলে ৩০.৪০ গড়ে ১২৪ উইকেট নিয়েছেন।

ওয়ানডেতে ৬৯ ম্যাচে ১০২ উইকেট এবং টি-টুয়েন্টিতে ২১ ম্যাচে ২৭ উইকেট আছে ইংলিশ তারকার। অভিষেকের পর থেকে টানা তিন বছর নিয়মিত ক্রিকেট খেললেও ২০১৩ সাল থেকে অনিয়মিত হয়ে পড়েন।

কাকতালীয়ভাবে বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেছেন ফিন। ম্যাচে মিরপুরে ১০৮ রানের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। ইংল্যান্ডের হয়ে সবশেষ ২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে নেমেছিলেন।

ইংল্যান্ডের হয়ে ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফিন তিনবার অ্যাশেজজয়ী দলের সদস্য ছিলেন। বিদায়ী বার্তায় বলেছেন, ‘গত ১২ মাস ধরে আমার শরীরের সঙ্গে যুদ্ধ করছি। এখন পরাজয় স্বীকার করে নিয়েছি। অবিশ্বাস্যভাবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে আত্মপ্রকাশের পর থেকে পেশাদার হিসেবে ক্রিকেট খেলতে পেরেছি। দীর্ঘ সময়টা মসৃণ ছিল না, তবে এটি উপভোগ করেছি।’

‘ক্রিকেট আমাকে অনেককিছু দিয়েছে। আশা করি ভবিষ্যতে আমিও কোনোভাবে ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে পারব।’

বিষয়:অ্যাশেজ ইংল্যান্ড ইসিবি ফিন বাংলাদেশ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…