ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে।
আইএমএফের শর্তের কারণে সরকার নতুন প্রোগ্রাম নিতে পিছিয়ে গেছে, বিষয়টি এমন নয় উল্লেখ করে তিনি বলেন, আগের প্রোগ্রামটি হয়েছিল বিগত সরকারের সময়ে। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
আমির খসরু বলেন, রাতারাতি এসব সংস্কার করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার ভোগান্তি জনগণকে পোহাতে হবে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন। অনির্বাচিত সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই পরিবর্তন বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে সমন্বয় করতে হবে। পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রমও সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের উন্নয়ন কর্মসূচির সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। সব অংশীদারকে একই কর্মসূচির সঙ্গে যুক্ত করা না গেলে পরিকল্পিত কাজগুলো বাস্তবায়ন করা কঠিন হবে। আইএমএফও এই সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।





