স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত
স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তার এ সফর চলবে। এ সময় দুই দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসার ঘটানো। এ লক্ষ্য সামনে রেখে সফরকালে দুই দেশের বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয় গুরুত্ব পাবে।
সফরের প্রথম দিনে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এক্সপোটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা নিয়ে কাজ করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপের অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






