গাইবান্ধা

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে ক্ষুব্ধ হয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে বিদ্যালয়ে ঘুরেও তারা প্রবেশপত্র পায়নি। বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহানা করেন বলে দাবি তাদের। এতে ক্ষোভ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে দ্রুত প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেন। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিষয়:এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র মহাসড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…