কলাকেন্দ্রে আধুনিক শিল্পকলার ইতিহাস নিয়ে ‘শিল্প কথন’

বাংলাদেশের আধুনিক শিল্পকলার ইতিহাস, বিশেষত বিমূর্ত শিল্পের উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর কলাকেন্দ্রে। ‘শিল্প কথন’ শীর্ষক এ আয়োজনে নিজের শিল্প-ইতিহাস চর্চার অভিজ্ঞতা এবং বাংলাদেশের আধুনিক চিত্রকলা নিয়ে গবেষণার নানা দিক তুলে ধরবেন গবেষক হুমাইরা হোসেন।
আগামী শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আলোচনা। ‘শিল্পকলার ইতিহাস ও আমার পথচলা’ শিরোনামের আলোচনায় বাংলাদেশের আধুনিক শিল্পকলার বিকাশের পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিভিন্ন প্রভাব নিয়ে কথা বলবেন তিনি।
আয়োজনে বিশেষভাবে গুরুত্ব পাবে বাংলাদেশের আধুনিক শিল্পকলায় বিমূর্ত শিল্পের উদ্ভব ও বিকাশের ইতিহাস। বিমূর্ত শিল্পকে কেবল একটি স্বতন্ত্র শিল্পশৈলী কিংবা বিচ্ছিন্ন নান্দনিক বিবর্তন হিসেবে না দেখে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপট ও পরিস্থিতির মধ্য দিয়ে এর বিকাশ অনুসন্ধান করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক শিল্প-সংযোগ, কূটনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়, শিল্পশিক্ষা, প্রদর্শনী, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক এবং ভৌগোলিক সীমা অতিক্রম করে শিল্পীদের চলাচল ও পারস্পরিক যোগাযোগের ইতিহাসও আলোচনায় উঠে আসবে।
আলোচনায় নিজের শিল্প-ইতিহাস চর্চার অভিজ্ঞতার পাশাপাশি বাংলাদেশের আধুনিক চিত্রকলা নিয়ে গবেষণার আগ্রহের বিষয়গুলো তুলে ধরবেন হুমাইরা হোসেন। তার মতে, বাংলাদেশের আধুনিক চিত্রকলার ইতিহাসকে আরও নানা দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ রয়েছে। প্রচলিত শিল্প-ইতিহাসের বাইরেও অনেক গল্প, অভিজ্ঞতা ও যোগাযোগ এ ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।
হুমাইরা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোতে শিল্পের ইতিহাস বিষয়ে পিএইচডি গবেষণায় যুক্ত হন। তার গবেষণার মূল বিষয় বাংলাদেশের আধুনিকতাবাদ, বিমূর্ত শিল্প, শিল্পীদের পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্ক এবং বিংশ শতাব্দীতে বাংলাদেশের আধুনিক শিল্পকলার বিকাশে আন্তদেশীয় সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময়ের ভূমিকা। এ ছাড়া আধুনিক ও সমকালীন দক্ষিণ এশীয় শিল্পকলাও তার গবেষণার অন্যতম ক্ষেত্র।
বর্তমানে বাংলাদেশের আধুনিক শিল্পকলার বিকাশ নিয়ে আরও গভীর অনুসন্ধানের লক্ষ্যে দেশে পিএইচডি গবেষণার মাঠপর্যায়ের কাজ পরিচালনা করছেন তিনি। আলোচনাটি অনুষ্ঠিত হবে রাজধানীর লালমাটিয়ার ৯/৩, ব্লক-ডি, কলাকেন্দ্রে।






