চট্টগ্রাম

সাগরে নোঙরকৃত জাহাজে হার্ট অ্যাটাক, ৯৯৯ নম্বরে ফোনকলে ‘ক্রু’ উদ্ধার

সাগরে নোঙরকৃত জাহাজে হার্ট অ্যাটাক, ৯৯৯ নম্বরে ফোনকলে ‘ক্রু’ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে নোঙর করা একটি লাইটার জাহাজ থেকে তীব্র বুকব্যথায় আক্রান্ত এক নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে আনোয়ারা থানার পার্কিরচর এলাকার কাছাকাছি বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ‘বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস-০১’ নামের লাইটার জাহাজের আরোহী মো. আরাফাত হোসেন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামের ৯ নম্বর ইস্টার্ন রিফাইনারি ঘাটে যাওয়ার পথে জাহাজের এক ক্রু সদস্য তীব্র বুকব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় তিনি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয়। পরে কোস্টগার্ড পূর্ব জোনের উদ্ধারকারী টহল দল ‘বিসিজিএস তানভীর’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ক্রু মো. মঈন উদ্দিনকে (৪২) উদ্ধার করে।

পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, মঈন উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল রিফাত ইসলাম কলটি গ্রহণ করেন। উদ্ধার কার্যক্রমে কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার উপপরিদর্শক (এসআই) মো. ফকরুল আহামেদ।

বিষয়:৯৯৯ নম্বর ৯৯৯-এর কলটেকার কনস্টেবল রিফাত ইসলাম ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার উপপরিদর্শক (এসআই) মো. ফকরুল আহামেদ নাবিক হার্ট অ্যাটাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…