বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আজ ২৮ নভেম্বর শুক্রবার দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হবে।
এ উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সকল স্তরের সাধারণ মানুষকে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের নিজ নিজ উপাসনালয়ে মন্দির, চার্চ, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় স্থানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাতে অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক সুস্থতার জন্য ইতোমধ্যে দেশব্যাপী বিভিন্ন স্থানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।







