বিনোদন

‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তিতে অর্ণবের বিশেষ কনসার্ট

‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তিতে অর্ণবের বিশেষ কনসার্ট

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট। আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে বসবে এই সংগীতের আসর। 

‘হোক কলরব’ শিরোনামের এই কনসার্টের আয়োজক টোয়েন্টিজ কমিউনিকেশন্স। অনুষ্ঠানটি উপস্থাপন করছে সেন্স ইট।

কনসার্টে অর্ণব তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি ‘হোক কলরব’ পরিবেশন করবেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।

২০০৬ সালে প্রকাশিত অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। অ্যালবামের শিরোনাম গানটির কথা লিখেছিলেন কবি ও গীতিকার রাজীব আশরাফ। তার একটি কবিতা অবলম্বনে গানটি তৈরি করেন অর্ণব। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর মারা যান রাজীব আশরাফ।

গানটি সংগীতের গণ্ডি পেরিয়ে সামাজিক আন্দোলনেও বিশেষ পরিচিতি পায়। ২০১৪ সালে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের সময় ‘হোক কলরব’ কথাটিকে স্লোগান হিসেবে ব্যবহার করেন।

দুই দশক পর বিশেষ এই কনসার্টের মধ্য দিয়ে অর্ণবের জনপ্রিয় গানগুলো আবারও মঞ্চে উপভোগের সুযোগ পাবেন সংগীতপ্রেমীরা।

বিষয়:২০ বছর পূর্তি অর্ণব আহমেদ হাসান সানি কনসার্ট মাশা ইসলাম সংগীতপ্রেমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…