জেমস-মাইলসদের সুরে মাতবে মানিক মিয়া, প্রস্তুত মঞ্চ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শনিবার বিকেল থেকে বসছে উন্মুক্ত সংগীতের আসর ‘কনসার্ট ফর সলিডারিটি’। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের অংশগ্রহণে সাত ঘণ্টার এই কনসার্ট ঘিরে এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ।
এরইমধ্যে আসতে শুরু করেছেন দর্শক-শ্রোতারাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জাতীয় সংসদ ভবন চত্বর জনসমুদ্রে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কনসার্টকে ঘিরে সকাল থেকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতের পাশাপাশি অংশগ্রহণকারী ব্যান্ডগুলোকে সাউন্ড চেক করতে দেখা গেছে। নিজেদের পরিবেশনার প্রস্তুতি নিতে জ্যামিংয়েও অংশ নিয়েছেন মাইলস ব্যান্ডের সদস্যরা। সব মিলিয়ে বিকেলের মূল আয়োজন শুরুর আগেই কনসার্টস্থলে তৈরি হয়েছে সংগীতের আবহ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। দেশের জনপ্রিয় ও দর্শকপ্রিয় এই সাত ব্যান্ডের উপস্থিতি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে নগরবাউল জেমসের পরিবেশনার অপেক্ষায় রয়েছেন অনেক ভক্ত।
আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় কনসার্টে প্রবেশের ফটক খুলে দেওয়া হবে। মূল পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে কোনো প্রবেশমূল্য থাকছে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে সংগীতের এই আয়োজন ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এখন প্রস্তুত হাজারো সংগীতপ্রেমীর মিলনমেলায় পরিণত হতে।






