থিবো কোর্ত্তোয়ার মতো এবার বার্সেলোনার ত্রাতা হলেন টের স্টেগেন। তার বীরত্বে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে টাইব্রেকারে রিয়াল বেটিসকে ২-৪ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।
বার্সেলোনা ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। তাতে ১৬ জানুয়ারি সৌদি আরবের কিং আল ফাহাদ স্টেডিয়াম হবে এল ক্ল্যাসিকো।
বৃহস্পতিবার রাতে রিয়াদের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে লড়াই জমে বার্সেলোনা ও রিয়াল বেটিসের। ৯০ মিনিট ছিল ১-১। অতিরিক্ত সময়ে ২-২। শেষে ফল আসে টাইব্রেকারে।
মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল বার্সেলোনার। ২৩ মিনিটে বেটিসের জালে বল পাঠান পেদ্রি। রেফারি গোলের সঙ্কেত দিলেও ভিএআর অফসাইডের সঙ্কেত দেয়। গোলবঞ্চিত হয় বার্সা।
ম্যাচের ৪০ মিনিটে ডেম্বেলের বাড়ানো বলে দুবারের চেষ্টায় গোল আদায় করেন রবার্ট লেভান্ডোভস্কি। ১-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে লা লিগা জায়ান্টরা। ৭৭ মিনিটে আক্রমণে ফেরে বেটিস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সুইস হেনরিকের বাড়ানো বলে গোল আনেন ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। সমতা আসে।
৮২ মিনিটে আবারও বেটিসের জালে বল পাঠান লেভান্ডোভস্কি। লিডে যাওয়ার সুযোগ ছিল কাতালানদের। এবারও ভিএআর গোল বাতিল করে।
৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে তৃতীয় মিনিটেই গোল আদায় করেন আনসু ফাতি। সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ১১ মিনিটে বেটিসকে সমতায় ফেরান জেসুস মোরন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগোতে থাকে খেলা। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
টাইব্রেকারে বীরত্ব দেখান বার্সার জার্মান গোলকিপার স্টেগেন। বেটিসদের দুই পেনাল্টি ঠেকিয়ে দেন।
আগেরদিন প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলরক্ষক থিবো কোর্ত্তয়ার বীরত্বে টাইব্রেকারে জয় তুলেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয়ে মধ্যপ্রাচ্যের মাটিতে দেখা যাবে স্প্যানিশ জায়ান্টদের লড়াই। স্প্যানিশ সুপার কাপে ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা, লস ব্লাঙ্কোসরা ১২ বার।







