বিনোদন

পরিচালকের গড়িমসিতে অনিশ্চিত ‘সোলজার’

বেশীরভাগ শিল্পী, টেকনিশিয়ানদের সম্মানী বাকি বলে অভিযোগ

অভিনেতা শাকিব খান এর এক্সপ্রেশন সহ একটি নাটকীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান একটি নাটকীয় দৃশ্যে আবেগপ্রবণ অবস্থায়, অন্ধকার পটভূমিতে, তার মুখে আতঙ্ক ও দুঃখের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রতারকা শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। নির্মাণের শুরু থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা ছিল। শাকিবের নতুন লুক ও একটি গ্লিম্পস ভিডিও প্রকাশ করে ওই বছরেই ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির নতুন সময় ঠিক করা হয় চলতি অক্টোবরে।

সিনেমা সংশ্লিষ্টদের গ্রিন সিগন্যাল পেয়ে শাকিব খান গণমাধ্যমে জানিয়েছিলেন, অক্টোবরে আসছে ‘সোলজার’। পরে জানা যায়, অক্টোবর নয়, ডিসেম্বরে মুক্তি পেতে পারে দেশপ্রেম, বর্তমান সমাজব্যবস্থার বাস্তবতা এবং সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়ে গড়ে ওঠা ‘সোলজার’।

ডিসেম্বর আসতে আর বাকি মাত্র দেড় মাস। কিন্তু সিনেমাটির শুটিং এখনও শেষ হয়নি। শাকিব খান বেশিরভাগ অংশের ডাবিং করে দিলেও বাকি রয়েছে ৯ দিনের কাজ। এই ৯ দিনের শুটিং নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি সিনেমার পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন।

ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর শুটিং শুরুর কথা ছিল। তখনও হয়নি। এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে প্রায় দুই মাস থাকার পর গত আগস্টে দেশে ফিরে সোলজার-এর বাকি অংশের শুটিং করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব হয়নি। তিনি পুরোটা সময় বসেই ছিলেন বলে জানিয়েছেন শাকিব ঘনিষ্ঠ এক সূত্র।

পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা একাধিকবার শাকিবের শিডিউল নিলেও গড়িমসিতে শুটিং করতে পারেননি।

শাকিব খানের ম্যানেজার মনির জামান গণমাধ্যমে বলেন, গত কয়েক বছরে শাকিব খানের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।

‘সোলজার’ সিনেমার পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে আরও অপেশাদার আচরণের অভিযোগ হচ্ছে, সিনেমার শুটিং নতুন করে শুরু করতে না পারার পেছনে অধিকাংশ শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ানদের সম্মানী বকেয়া থাকাও বড় কারণ।

নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন গণমাধ্যমে বলেন, সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী-কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনও তো সিনেমার শুটিংই শেষ হয়নি। শুটিং শেষ হলে মুক্তির তারিখ জানিয়ে টিজার প্রকাশ করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই টিজার আসবে। সেখানে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেখানে তারিখ উল্লেখ থাকবে।

বকেয়া সম্মানীর ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন টেকনিশিয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন, এই সিনেমার জড়িত বেশিরভাগ মানুষের টাকা ক্লিয়ার করা হয়নি। আগে টাকা না দিলে কেউ নতুন করে সময় দিচ্ছে না। তারা বছর পার হলেও শুটিং শেষ করতে পারেনি। একে তো শুটিং কবে শেষ হবে ঠিক নেই, তারপরেও এক সিনেমার জন্য বসে থাকলে না খেয়ে থাকতে হবে। এই সিনেমার আশা ছেড়ে দিয়েছি।

ঢালিউড এওয়ার্ডে অংশ নিতে শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। এ মাসের শেষে তার দেশে ফেরার কথা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু করবেন ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা।

এরপর ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফের ‘মহব্বত’-এর কাজ শুরু করার কথা রয়েছে। এই দুই সিনেমার শুটিংয়ের ফাঁকে ‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার মতো সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাবনা একেবারে নেই। আদৌ কবে মুক্তি পাবে সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

বিষয়:শাকিব খান সাকিব ফাহাদ সোলজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…