এইবার দেখার পালা, রাকিবের ভুল কে ধরে?
শাকিবের ‘মহব্বত’-এর লেখক হিসেবে আরএনএআর-এর যুক্ত হওয়ার পর ভক্ত অনুরাগীদের প্রশ্ন

চলচ্চিত্রকে এতদিন বিশ্লেষণ করেছেন গভীর পর্যবেক্ষণ ও সমালোচনার চোখে। দেশি-বিদেশি অসংখ্য সিনেমার গল্প, নির্মাণশৈলী ও নানা দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে পরিচিতি পেয়েছেন চলচ্চিত্র সমালোচক ও কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব। যিনি আরএনএআর (RnaR) নামে পরিচিত।
এবার তার সেই সিনেমাপ্রীতিই রূপ নিতে যাচ্ছে রুপালী পর্দার পাতায়। সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর লেখক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পরিপূর্ণ চলচ্চিত্রের লেখক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।
মঙ্গলবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত বার্তায় বলা হয়েছে, সিনেমাকে এতদিন গভীর বিশ্লেষণের চোখে দেখেছেন আরএনএআর, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়।
চলচ্চিত্র নিয়ে নিয়মিত বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন রাশেদুজ্জামান রাকিব। দেশি-বিদেশি বিভিন্ন সিনেমার গল্প, চরিত্র, চিত্রনাট্য ও নির্মাণের নানা দিক তুলে ধরে তার নিজস্ব বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তিনি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য রচনায় যুক্ত হচ্ছেন এই কনটেন্ট ক্রিয়েটর।
আরএনএআর এর এই নতুন যাত্রা নিয়ে দর্শকদের মধ্যেও ঘোষণার পর দারুণ আলোচনা তৈরি করেছে। তার বিশ্লেষণী অভিজ্ঞতা গল্প বলার ক্ষেত্রে কীভাবে প্রতিফলিত হয়, তা দেখার অপেক্ষায় থাকবেন সিনেমাপ্রেমীরা।
এরইমধ্যে বহু দর্শক যেমন ‘মহব্বত’ নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন, তেমনি সমালোচক আরএনএআরের উদ্দেশে কিছু প্রশ্নও করেছেন। সাগর নামে একজন লিখেছেন,“এইবার দেখার পালা রাকিবকে ভুল ধরে কে।” শামীম মুন্না লিখেছেন, “এতোদিন মানুষের ভুল ধরা মানুষটা এইবার কতটুক ভালো করতে পারে দেখতে চাই।”
সাব্বির সরদার লিখেছেন,“তা হলে ট্রল কিংবা ভুল ধরিয়ে দিবে কে?” একজন তো সরাসরিই প্রশ্ন করেছেন, ‘মহব্বত’ মুক্তি পেলে তিনি এটি নিয়েও কোনো রিভিউ করবেন কিনা! যদিও এসব কোনো প্রশ্নেরই উত্তর দেননি রাকিব।
‘মহব্বত’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান, যিনি এর আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা প্রযোজনা করে আলোচনায় আসেন।
জানুয়ারিতে শুরু হবে মহব্বত সিনেমার শুটিং। এই সিনেমাটির মুক্তি পাবে আগামী বছর ঈদুল আযহায়। সিনেমায় শাকিব খান ছাড়া আর কে কে আছেন তা এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
তবে শোনা যাচ্ছে, নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে ভারত বা পাকিস্তানের কোনো নতুন মুখকে নেওয়া হতে পারে।






