ব্যাংকে জমা বাড়ল প্রায় আড়াই লাখ কোটি টাকা, ফিরছে গ্রাহকের আস্থা

ছবি: সংগৃহীত
দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি বেড়ে ১২ দশমিক ৯৪ শতাংশে দাঁড়িয়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে নতুন করে জমা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা।
ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফেরার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র এক নয়। তুলনামূলক ভালো আর্থিক ভিত্তি ও সুশাসনসম্পন্ন ব্যাংকের দিকে বেশি ঝুঁকছেন আমানতকারীরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ। আগস্ট শেষে আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সংকটে পড়া কয়েকটি ব্যাংকও আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এতে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ব্যাংকগুলোর মূল্যায়নও চলছে। খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্টে এ পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঋণ বিতরণের তুলনায় আমানত সংগ্রহের প্রবৃদ্ধি অনেক বেশি। আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জের কারণে বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।
চলতি বছরের প্রথম নয় মাসে কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ। প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকা হয়েছে।
সিটি ব্যাংকের আমানতও ২০২৫ সালের ডিসেম্বরের ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা থেকে বেড়ে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৬ শতাংশ। মেয়াদি, সঞ্চয়ী ও চলতি হিসাবের আমানত বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে বলে ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে।
ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানত ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৫১ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয়। আমানতকারীরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।
তবে আমানত বাড়লেই ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ফিরে এসেছে, এমনটা মনে করছেন না সংশ্লিষ্টরা। সাধারণ আমানতকারীদের কাছে পুনরুদ্ধারের সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রয়োজনের সময় নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারা। নির্ধারিত সময়ে মেয়াদি আমানতের অর্থ ফেরত, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা স্বাভাবিক রাখাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। অতীতে এসব ব্যাংকের তারল্যসংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হয়েছে।
এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এ কার্যক্রম শুরু করে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধারে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়। করপোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।





