‘আজকাল প্রায়ই মনে হয়, অনেকের হাতেই তলোয়ার উল্টো করে ধরা’
গোলাম মুস্তাফার সাথে আড্ডার স্মৃতি নিয়ে আফজাল হোসেন

দেশের অত্যন্ত সম্মানীয় অভিনেতা ছিলেন গোলাম মুস্তাফা। তিনি ছিলেন চলায় বলায় অভিজাত। ছিলেন উদারমনা ও সময়ের চেয়ে ভাবনায় এগিয়ে থাকা মানুষ। আড্ডাবাজ মানুষও ছিলেন। তাঁর সঙ্গে আড্ডা মানে অনেককিছু শেখা হতো, জানা যেতো। সে আড্ডা গালগল্প শুনে সময় কাটানো ছিল না।
একদিন আড্ডায় সভ্যতা অসভ্যতা প্রসঙ্গে তিনি হাসতে হাসতে রসিকতার ঢঙে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ানক একটা মন্তব্য করেন, সভ্য মানুষ একসময় কোণঠাসা হয়ে পড়বে এবং সামনের দিনে সভ্যতা হালে পানি পাবে না।
এই কথা হুমায়ূন আজাদ একটু কড়া ভাষায় কবিতায় লিখেছিলেন “আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে”।
আড্ডাতে উপস্থিত একজন ইতস্তত করে বলেন, মানুষ চাঁদে চলে যাচ্ছে আর আমরা সভ্যতার করুণ দশা হবে ভাবছি কেনো?
শুনে তিনি হাসেন, আগে তো চাঁদে যেতে চাইতে হবে তারপর সেখানটায় কীভাবে যাওয়া সম্ভব, সে জ্ঞান অর্জনে উৎসাহী হতে হয়। আমাদের কি অত দূরে যাওয়ার ভাবনা, আশা, স্বপ্ন আছে? আমরা সামনে তাকাই না, হাঁটতে পছন্দ করি উল্টো পথে।
কথা আসলে শুরু হয়েছিল বই পড়ার অভ্যাস নিয়ে। তিনি বলছিলেন, না পড়ার অভ্যাস একসময় ঘোরতর বিপদ ডেকে আনবে। জানা ও বোঝার আগ্রহই যদি না থাকে, মানুষ গলা আর গায়ের জোর দিয়ে নিজেদেরকে জাহির করতে চাইবে।
না পড়া মানুষদের দ্বিধা সঙ্কোচ, লজ্জা থাকবে না। তারা ভাববে, বই পড়ে জানা বোঝার কী দরকার? কোনটা কম বুঝি আমরা?
তখন রুক্ষ আত্মবিশ্বাসে কুতর্কে নেমে পড়া দেখতে হবে। গভীরভাবে কোনকিছুই উপলব্ধি করার ইচ্ছা দেখা যাবে না।
এ পর্যন্ত বলে থামেন। মনে হলো, বর্ণনা করা সময়টাকে দেখার চেষ্টা করলেন।
এমন যখন হবে, তখন মানুষের মনে না জানা, না বোঝার অস্বস্তি থাকবে না- মহাসর্বনাশের শুরু এভাবেই। তখন সভ্যতা অসভ্যতা নিয়ে মাথা ঘামাবে না মানুষ। দায় থাকবে না কারো। অসভ্যতায় যদি লাভ হয়, লজ্জা শরমের মাথা খেয়ে সেটাই করতে নেমে পড়বে দলে দলে।
সভ্য মানুষ চেয়ে চেয়ে দেখবে, কষ্ট পাবে, দীর্ঘশ্বাস ফেলবে কিন্তু কিছু করতে বা বলতে পারবে না।
জগতের নিয়ম খুবই অদ্ভুত! যারা নির্দ্বিধায় অসভ্যতা করতে পারে, তারা খুব দ্রুতই গোষ্ঠীবদ্ধ, পরস্পরের “মাসতুতো ভাই” হয়ে যায়। অপরদিকে সভ্যজনদের দৃষ্টিভঙ্গি, ধ্যান ধারণার বৈচিত্র্যের কারণে এক হওয়া, পরস্পরের “মাসতুতো ভাই” হয়ে ওঠা হয় না।
ব্যাপারটা “নদীর একূল ভাঙে, ওকূল গড়ে”র মতো। বুক চিতিয়ে দলে দলে মানুষ ভুল বলবে, ভুল করবে। কেউ বলার থাকবে না, ওটা ভুল। বললে মুখ ভোঁতা করে দেবে, মাথাও ভেঙে দিতে পারে।
আড্ডা একেবারে নিঃশব্দ হয়ে যাওয়াতে পরিবেশ হালকা করার জন্য তিনি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন।
একবার একটা পোশাকি সিনেমায় অভিনয় করছি, পরিচালক এসে আমার হাতে ধরা তলোয়ারটাকে ঘুরিয়ে উল্টো করে ধরিয়ে দিলেন। আমি বললাম, ভুল হচ্ছে। এভাবে নয়, তলোয়ার তো ধরা হয়ে থাকে এভাবে। পরিচালক বাক্য ব্যয় না করে আবার তলোয়ারটা উল্টো করে ধরিয়ে দেন।
এই ঠিক আর ভুলের তর্কে আমার মস্ত ক্ষতি হয়ে গেলো। তখন টের পাইনি। রটে গেলো, আমি পরিচালকের ভুল ধরেছি। সে রটনার জেরে বছর দেড়েক আমার কাছে নতুন কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাব আসেনি।
হতাশার দিনের কথা বলতে গিয়ে হাসেন তিনি। ঠাট্টাচ্ছলে বলেন, কপাল ভালো, পুরোনো শিল্পী বলে আমাকে ধমক খেতে হয়নি। ঘাড়ের উপর মাথা ঠিকঠাকই থেকেছে। শুধু পেটে পড়েছিল লাথি, যা অন্য কারো চোখে পড়বার কথা নয়।
প্রিয় অভিনেতা, গোলাম মুস্তাফার কথা মাঝেমাঝে মনে পড়ে। আজকাল প্রায়ই মনে হয়, অনেকের হাতেই তলোয়ার উল্টো করে ধরা। কে বলবে, জনাবেরা আপনারা তলোয়ার ঠিকমতো ধরেন। কে বলবে উচিত কথা!
অভিনেতার পেটে লাথি পড়েছিল এখন কল্লা ফেলে দিতে চাইবে।





