পিলসবারি ডাফবয়ের কণ্ঠশিল্পী জোবি কার্নি আর নেই

বিজ্ঞাপনের জনপ্রিয় চরিত্র পিলসবারি ডাফবয়ের কণ্ঠশিল্পী ও অভিনেতা জোবি কার্নি মারা গেছেন।
অ্যালঝেইমার রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গ্রেসলেক শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পিলসবারি ডাফবয়ের জনপ্রিয় চরিত্র ‘পপিন ফ্রেশ’-এ কণ্ঠ দেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান কার্নি। চরিত্রটির বিশেষ হাসি এবং উঁচু স্বরের কণ্ঠ দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। কয়েক দশক ধরে তিনি এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন। ২০২০ সালে এ কাজ থেকে অবসর নেন তিনি।
অভিনেতা, প্রযোজক, পরিচালক ও স্টুডিও মালিক- বিভিন্ন পরিচয়ে সমৃদ্ধ ছিল কার্নির কর্মজীবন। ‘সামহোয়্যার ইন টাইম’ (১৯৮০), ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’ (১৯৯৭) এবং ‘রোড টু পারডিশন’ (২০০২)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘রেন্ট-এ-কপ’ (১৯৮৭), ‘মো মানি’ (১৯৯২), ‘নোভোকেইন’ (২০০১) এবং ‘লিগ্যালি ব্লন্ড ২: রেড, হোয়াইট অ্যান্ড ব্লন্ড’ (২০০৩) সিনেমাতেও দেখা গেছে তাকে।
পিলসবারি ডাফবয়ের চরিত্রে কণ্ঠ দেওয়ার আগে পল ফ্রিস ও জেফ বার্গম্যান কাজ করেছিলেন। পরবর্তী সময়ে তাদের স্থলাভিষিক্ত হয়ে দীর্ঘদিন চরিত্রটির কণ্ঠশিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন কার্নি। একসময় পিলসবারির এক নতুন নির্বাহী বিজ্ঞাপন থেকে চরিত্রটির কণ্ঠ বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বিজ্ঞাপনে চরিত্রটির উপস্থিতি বজায় থাকে।
পিলসবারি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন কার্নি। প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের চিয়ার ডিটারজেন্টের বিজ্ঞাপনে নির্বাক ‘চিয়ার ম্যান’ চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি রেইড কীটনাশক ও ডাও বাথরুম ক্লিনারের বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন।
শিকাগোর রিভার নর্থ এলাকায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ‘কার্নি/আমেরিকান ক্রিয়েটিভ রেকর্ডিং স্টুডিও’ পরিচালনা করেছেন তিনি। তার স্টুডিও থেকে বিজ্ঞাপন, চলচ্চিত্র ও অডিওবুকসহ হাজার হাজার প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
কার্নির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ওয়ার্ড অব প্রমিজ’। নিউ কিং জেমস ভার্সনের বাইবেলের ওপর ভিত্তি করে নির্মিত ৯৮ ঘণ্টার এই অডিও প্রযোজনাটি পরিচালনা করেন তিনি। এতে ৫০০ জনের বেশি অভিনয়শিল্পী অংশ নেন। তাদের মধ্যে জিম ক্যাভিজেল যিশু, মারিসা টোমেই মেরি ম্যাগডালিন, রিচার্ড ড্রেইফাস মুসা এবং গ্যারি সিনিস ডেভিডের চরিত্রে কণ্ঠ দেন।
এ ছাড়া সিবিএসের জনপ্রিয় সিরিজ ‘দ্য টোয়াইলাইট জোন’-এর কয়েকটি পর্বকে রেডিও অনুষ্ঠানে রূপান্তর করেন কার্নি। পডকাস্ট সিরিজের জন্য নতুন পর্বও তৈরি করেছেন তিনি।
নিজের দীর্ঘ কর্মজীবন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কার্নি বলেছিলেন, এমন একটি পেশায় কাজ করতে পেরে তিনি ভাগ্যবান, যেখানে প্রতিদিন ভিন্ন ভিন্ন মানুষের চরিত্রে নিজেকে তুলে ধরার সুযোগ রয়েছে। মজা করার জন্য নেওয়া নিজের সেই সিদ্ধান্তে অটল থাকতে পেরেও সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী আইলিন, দুই ছেলে টিম ও প্যাট্রিক, দুই পুত্রবধূ আন্দ্রেয়া ও লিলি এবং নাতি-নাতনি আর্চার ও ক্লিওকে রেখে গেছেন জোবি কার্নি। তার মৃত্যুর পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়। হিন্দুস্তান টাইমস






