বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তার ছেলে পরিচালক সন্দীপ রায়। ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ ও ‘নীল আতঙ্ক’-সত্যজিতের লেখা এই চারটি গল্প অবলম্বনে তৈরি হবে অ্যান্থলজি চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ‘নন্দী মুভিজ’। প্রযোজনায় রয়েছেন প্রদীপকুমার নন্দী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার থেকেই চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। চারটি আলাদা গল্প, ভিন্ন চরিত্র ও নানা ধরনের অভিজ্ঞতা নিয়ে সাজানো হবে চলচ্চিত্রটি। রহস্য, অদ্ভুতুড়ে ঘটনা এবং মানুষের মনস্তত্ত্বের নানা দিক উঠে আসবে গল্পগুলোর মধ্য দিয়ে।
নতুন চলচ্চিত্রটি প্রসঙ্গে সন্দীপ রায় জানান, বহুদিন ধরেই আবার ছোটগল্প নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তার। এর আগে ‘যেখানে ভুতের ভয়’ ও ‘চার’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। টেলিভিশনের জন্যও ছোটগল্প অবলম্বনে বেশ কিছু কাজ করেছেন। মাঝখানে দীর্ঘ সময় এ ধরনের গল্প নিয়ে কাজ করা হয়ে ওঠেনি। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করবেন বাংলা চলচ্চিত্রের একঝাঁক পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন শুভাসিস মুখোপাধ্যায়, শ্বাশত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায় ও বরুণ চক্রবর্তী।
উল্লেখ্য, সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সাহিত্যিক হিসেবেও সমান জনপ্রিয়। তার সৃষ্ট গল্প ও চরিত্র কয়েক প্রজন্মের পাঠকের কাছে আজও সমান আকর্ষণীয়। বাবার সাহিত্যকর্ম বড়পর্দায় তুলে ধরার ক্ষেত্রে সন্দীপ রায়ের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এবার চারটি গল্পকে একসঙ্গে বড়পর্দায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন তিনি। ফলে সত্যজিৎ প্রেমীদের কাছে নতুন চলচ্চিত্রটি বাড়তি আগ্রহের কারণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আনন্দবাজার





