‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ বিজয়ী গায়ক প্রশান্ত তামাং-এর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন, তা মানতে পারছেন না তার অগণিত অনুরাগী। তবে স্বামীর মৃত্যু নিয়ে কোনো রহস্য নেই বলে জানিয়েছেন প্রশান্তের স্ত্রী মার্থা।
সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বামীর কফিনবন্দি দেহ জড়িয়ে ধরে মার্থা বলেন, ‘এটা সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সময় আমি ঠিক তার পাশেই ছিলাম। টেরও পাইনি কখন সব শেষ হয়ে গেল।’
প্রশান্তের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্থা আরও বলেন, ‘সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচিত ও অপরিচিত অসংখ্য মানুষের ফোন পেয়েছি। সবাই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। যারা তাকে শ্রদ্ধা জানাতে চান, তারা যেন হাসপাতালে আসেন।’
তার কথায়, ‘আপনারা এতদিন যেভাবে তাকে মেসেজ, গান আর ভিডিও শেয়ার করে ভালোবাসা দিয়েছেন, তাতে আমি আপ্লুত। তিনি সত্যিই একজন মহান মানুষ ছিলেন। শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, ওর আত্মা যেন শান্তি পায়, এই প্রার্থনাটুকু করবেন।’
রবিবার (১১ জানুয়ারি) সকালে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান প্রশান্ত তামাং। আগের রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।- মিড ডে








