এবার আইস্ক্রিনে আসছে ‘শরতের জবা’
১২ ডিসেম্বর দুপুর ৩টা থেকে স্ট্রিমিং হবে কুসুম সিকদারের এই ছবি

শরতের জবা সিনেমার পোস্টার, দুই নারী চরিত্রের মুখাবয়ব, গাছে ও আকাশে সূর্যাস্তের দৃশ্য, যা সিনেমার আবহ ও চরিত্রের অনুভূতি প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গেল ১১ অক্টোবর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল কুসুম সিকদার পরিচালিত ও অভিনীত ছবি ‘শরতের জবা’। মুক্তির পর মাল্টিপ্লেক্স কেন্দ্রিক দর্শকদের প্রশংসা পায় ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরবের জবা’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। প্লাটফর্ম থেকে জানানো হয়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে।
সোমবার দুপুরে চ্যানেল আই ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে ১২ ডিসেম্বর ‘শরতের জবা’ মুক্তির ঘোষণা দিয়েছেন কুসুম সিকদার।
নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।
কুসুম সিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।





