আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

শেখ হাসিনা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করছেন, জনসমাগমের মাঝে, বাংলাদেশের রাজনৈতিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর এক বছর পরই যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই এবারের সম্মেলনের মাধ্যমে দায়িত্ব পাওয়া নতুন কমিটিকে নির্বাচনী পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সেজন্য এবারের সম্মেলনের ভিন্ন মাত্রার গুরুত্ব রয়েছে।
এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদশে গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে: উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।
সকাল থেকেই সম্মেলনস্থলে আসতে শুরু করেন দলটির নেতা-কর্মীরা। ৭টার দিকে গেট খুলে দেওয়া হয়। ইতোমধ্যে নেতাকর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তারা স্লোগান দিচ্ছেন।
শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেট ও টিএসসি এবং চারুকলার বিপরীত গেট দিয়ে মিছিল নিয়ে সম্মেলনস্থলে ঢুকতে দেখা গেছে নেতাকর্মীদের।
বেলা বাড়ার সঙ্গে নেতাকর্মীদের উপস্থিততে সম্মেলন রূপ নেয় জনসমুদ্রে। সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবি লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নেমেছে।
সারাদেশে দেশে কাউন্সিলর ও ডেলিগের পাশাপাশি ইতোমধ্যে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর পরিষদের সদস্যরা। এছাড়া দলের সাধারণ সম্পাদকসহ দলের কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত রয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশস্থল ও সম্মেলনস্থলে নিরাপত্তায় দিতে কড়া পাহায় রয়েছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থা। প্রবেশস্থলে নিরাপত্তার জন্য তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২০১৯ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল, ২০ ও ২১ ডিসেম্বরের সেই সম্মেলনে ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।







