৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

দুদিন আগে শেষ হয়েছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আসর শেষে আবারও গড়াতে চলেছে ঘরোয়া ফুটবল। দীর্ঘ ৫ বছরের বেশি সময় পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বসতে চলেছে ঘরোয়া আয়োজন। ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে সবশেষ ঘরোয়া ফুটবলের আসর বসেছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য গুণে গুণে ৬২ মাস পার হয়ে গেছে। ২০২৫ সালে বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ফুটবল ফিরলেও ফেরেনি ঘরোয়া আয়োজন। সেটি ঘটবে আগামী ২৪ নভেম্বর থেকে।
ফেডারেশন কাপের ১৩তম ম্যাচ হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। লড়বে ফর্টিস এফসি লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ২৪ নভেম্বর দুপুর আড়াইটাই গড়াবে খেলা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে হবে দিনের অন্য ম্যাচগুলো। লড়বে আবাহনী লিমিটেড ঢাকা ও ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব, চট্টগ্রাম সিটি এফসি ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
আন্তর্জাতিক বিরতির পর ২৭ নভেম্বর থেকে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। ষষ্ঠ রাউন্ডে সেদিন ভিন্ন ম্যাচে নামবে মোহামেডান, আবাহনী এবং বসুন্ধরা কিংস।






