সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। দলের ব্যর্থতার মধ্যেও ভালো করেছেন নাজুমল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচে দারুণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পুরস্কারও পেলেন তারা। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এগিয়েছেন মিরাজ ও মাহমুদউল্লাহ।
বুধবার ছেলেদের র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। শান্ত, মাহমুদউল্লাহ, মিরাজদের পাশাপাশি এগিয়েছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও নাসুম আহমেদ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। দুই ইনিংসই ছিল দলের সর্বোচ্চ রান। কুঁচকির চোটে তৃতীয় ম্যাচে ছিটকে যান। দুই ম্যাচে ১২৩ রান করে ১১ ধাপ এগিয়েছেন শান্ত। ৬০৪ রেটিং পয়েন্ট। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৩এ আছেন। ক্যারিয়ারে তার সর্বোচ্চ স্থান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যেও বর্তমানে সবার উপরে তিনি।
বাংলাদেশের ব্যাটার মধ্যে দুইয়ে মুশফিক। চোটে সিরিজ থেকে ছিটকে যান, নেমেছেন ৭ ধাপ। ৫৮৬ পয়েন্ট নিয়ে ৩০এ। তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ১০ ধাপ এগিয়ে ৫৩৩ পয়েন্ট নিয়ে ৪৪এ এসেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে।
উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। দুজনেই এগিয়েছেন ৮ ধাপ করে। ৪৫৭ পয়েন্ট নিয়ে সৌম্য ৮৫তে, ৪৫৪ পয়েন্ট নিয়ে মিরাজ ৮৮ নম্বরে। অবনতি লিটন দাস ও তাওহীদ হৃদয়ের। সিরিজে না থাকা লিটন ৮ ধাপ নেমে ৪৯৫ পয়েন্ট নিয়ে ৬৪তে এখন, আফগান সিরিজে আলো ছড়াতে না পারা হৃদয় ৬ ধাপ পিছিয়ে ৪৬৬ পয়েন্ট নিয়ে নেমেছেন ৭৬ নম্বরে।
৮২৫ পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষে পাকিস্তানের বাবর আজম। পরের তিনটি স্থান ভারতের। দুই, তিন ও চারে যথাক্রমে রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি। পাঁচে আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর।
আফগান সিরিজে রান খরচে কৃপণ ছিলেন মিরাজ। নিয়েছেন ৩ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সাউথ আফ্রিকার পেসার লুনগি এনগিদির সঙ্গে যৌথভাবে ২৩এ আছেন, পয়েন্ট ৫৫৬। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান এটি। সিরিজে ৮ উইকেট নেয়া মোস্তাফিজ ৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে, পয়েন্ট ৩৬। একধাপ এগিয়ে তাসকিন ৩৯তে, ৫১৬ পয়েন্ট নিয়ে। ১০ ধাপ পিছিয়ে ৫২৮ পয়েন্ট নিয়ে ৩৪এ গেছেন শরিফুল ইসলাম। চোখে ভাসার মতো উন্নতি নাসুমের। ৪৯ ধাপ এগিয়ে ৪২৮ পয়েন্টে ৭২ নম্বরে এসেছেন টাইগার স্পিনার।
তিনধাপ এগিয়ে বোলারদের শীর্ষে ফিরেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি, ৬৯৬ পয়েন্ট। রাশিদ খান ৬৮৭ পয়েন্টে দুইয়ে। তিনে সাউথ আফ্রিকার কেশভ মহারাজ ৬৭৪ পয়েন্টে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও উন্নতি মিরাজের। সিরিজে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়েছেন। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন। অলরাউন্ডারদের শীর্ষ ধরে রেখেছেন আফগান তারকা মোহাম্মদ নবী। দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও তিনে রাশিদ খান।







