আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। ৩০ বর্ষী ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারের অন্তর্ভুক্তির বিষয়টি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে।
টাইগার অধিনায়ক সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছিল। চলতি আসরে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়ের অভিষেক হয় ২০১২ সালে। এক দশকে এ ব্যাটার সবমিলিয়ে খেলেছেন ৪৫টি ম্যাচ। ক্যারিয়ারে তিনটি শতকসহ মোট ১২৫৮ রান করেছেন। সবশেষ এশিয়া কাপে খেলা বিজয়ের গড় ২৯.৯৫।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলেছেন সাকিব। চোটে ভারতের বিপক্ষে খেলতে পারেননি। ব্যাট হাতে করেছেন ১৮৬ রান। বল হাতে শিকার ৯ উইকেট। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৬৫ বলে ৮২ রান করে জয়ে ভূমিকা রেখে হন ম্যাচসেরা।







