ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে নেই ওপেনার তামিম ইকবাল। তাকে দলে নেয়া, না নেয়া নিয়ে গত কয়েকদিনে যেসব আলোচনা-সমালোচনা চলেছে, সেসব নিয়ে মুখ খুলবেন তামিম। কথা বলবেন বুধবার ভারতের উদ্দেশে বাংলাদেশ দল বিমানে ওঠার পর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এ ঘোষণা দেন ৩৪ বর্ষী তামিম। ভিডিও বার্তার মাধ্যমে সবার উদ্দেশ্যে বলবেন তিনি, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’
‘গত কয়েকদিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সবকিছু জানার অধিকার রাখে।’
এর আগে টাইগার স্কোয়াডে তামিম না থাকায় মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জানান, তামিমকে বাদ দেয়া হয়নি, নিজেই সরে গেছেন বিশ্বকাপ দল থেকে।
গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা।
লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।








