ক্রিকেট

মিরপুর টেস্টে বোলিং করবেন সাকিব, ফিরছেন তাসকিন

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান মাঠে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি সাকিব আল হাসান। পাঁজরের চোট ও কাঁধের সমস্যার কারণে অস্বস্তি বোধ করছিলেন এ বাঁহাতি স্পিনার। তবে মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিশ্চিত করলেন, সাকিব বোলিং করবেন। পাশাপাশি জানিয়ে দিলেন তাসকিন আহমেদও থাকছেন শেষ ম্যাচে।

‘সাকিব ঠিক আছে, সে বল করবে। মিরপুরে ওয়ানডে সিরিজের ম্যাচে সে কিছুটা চোট পেয়েছিল। তবে তা কাটিয়ে উঠেছে। প্রথমত একাদশে তাকে পাওয়া যাবে এবং বোলিংও করবে।’

সাকিবের বোলিং নিয়ে অনিশ্চয়তা থাকায় স্কোয়াডে যোগ করা হয় আরেক বাঁহাতি নাসুম আহমেদকে।

পিঠের চোটের কারণে মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তাসকিন। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে খেললেও ছিলেন খরুচে। পুরোপুরি ফিট মনে হয়নি এই ফাস্ট বোলারকে। প্রথম টেস্টে তাকে খেলানো হয়নি ওয়ার্কলোডের কথা চিন্তা করে।

ডোনাল্ড বলেন, ‘তাসকিন ভালো আছে এবং মাঠে নামতে প্রস্তুত। সে গত টেস্ট ম্যাচও খেলতে চেয়েছিল। তবে ছন্দ ও গতির দিক থেকে তার ঘাটতি ছিল যথেষ্ট। গত সপ্তাহে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকাল সে এখানে কাজ পুরোপুরি ভালোভাবে শেষ করেছে এবং লড়াইয়ে নামতে সে পুরোপুরি প্রস্তুত।’

চট্টগ্রাম টেস্টে খেলা খালেদ আহমেদের সঙ্গী ইবাদত হোসেন চোট পেয়ে ছিটকে গেছেন। তাসকিন একাদশে ফিরলে রেজাউর রহমান রাজার অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হবে।

বিষয়:তাসকিন আহমেদ বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ মিরপুর সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…