মধ্যাহ্ন বিরতির পর মিরাজের করা বলটি ঠেকাতে গিয়ে আউট হন শাহিন আফ্রিদি। এলবিডব্লু হয়ে ফিরে যান তিনি। ১১১ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান। এর পরপরই ইনিংসে নিজের তৃতীয় উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সাকিব ৩ ও মিরাজ নিয়েছেন ২টি উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৩৯ রান। ৬২ বলে ৪৮ রানে ক্রিজে আছেন রিজওয়ান এবং খুররাম শাহজাদ ১৩ বলে ১ রানে সঙ্গী। ২২ রানের লিড নিয়েছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি টেস্টে রোববার পাকিস্তানকে ভালোভাবেই চেপে ধরেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে জাগিয়েছে জয়ের আশা। পাকিস্তানের মাটিতে কোনো ফরম্যাটেই জয় নেই লাল-সবুজদের। হারের বৃত্ত ভেঙে টেস্ট জয়ের রোমাঞ্চকর সুযোগ তৈরি করেছে শান্তবাহিনী।
পঞ্চম দিনে সকালের সেশনে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান, আগেরদিন বিকেলে তারা হারিয়েছিল ১ উইকেট। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা দলটি রোববার লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সংগ্রহ করে ৬ উইকেটে ১০৮ রান।
ড্রয়ের দিকে আগাতে থাকা ম্যাচ হঠাৎ করেই দেখা দিয়েছে ফলের আশা। দলীয় বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে শক্তভাবে।
থিতু হয়ে যাওয়া আবদুল্লাহ শফিক ৩৭ রান করে সাকিব আল হাসানের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন। পরের ওভারে মেহেদী হাসান মিরাজের প্রথম বলেই শূন্য রানে ফেরেন আগা সালমান।
নাহিদ রানার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন বাবর আজম। শূন্যতে জীবন পাওয়া পাকিস্তান তারকা করেন ২২ রান। রাওয়ালপিন্ডি টেস্টে ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে থাকা স্বাগতিকরা ৬৬ রানে হারায় তৃতীয় উইকেট।
পরে সাকিব আল হাসান আঘাত হানেন ১ রানে থাকা সৌদ শাকিলকে, ৬৭ রানের সময়। পরের বাঁহাতি স্পিনার নেন আরও একটি উইকেট।
সকালে দিনের খেলা শুরু হতেই সাফল্য পায় বাংলাদেশ। হাসান মাহমুদের হাত ধরে দিনের দ্বিতীয় ওভারে আসে সাফল্য। রিভিউ নিয়ে প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদকে ফেরান ডানহাতি পেসার। উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেয়ার আগে করেন ১৪ রান। দ্বিতীয় ইনিংসে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তান শেষ করেছিল ১ উইকেটে ২৩ রান জমা করে।







