আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন নৌকা প্রতীক।
সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন টাইগার অধিনায়ক। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গত ১৮ নভেম্বর মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব। ২১ নভেম্বর দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।
২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। ২৬ নভেম্বর মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পান টাইগারদের বিশ্বসেরা তারকা।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ২৯ নভেম্বর গাড়িবহর নিয়ে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে দুপুর ২টার দিকে মাগুরা পৌঁছান সাকিব। পথে গড়াই নদীর কামারখালী ব্রিজ এলাকায় উপস্থিত জনতা ও দলীয় নেতাকর্মী-সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত শুভেচ্ছা জানান। কালো রঙের একটি ছাদখোলা গাড়িতে সড়ক অতিক্রম করার সময় দু’পাশ থেকে জনতার ঢল ফুলের পাপড়ি ছিটিয়ে সাকিবকে বরণ করে নেন। হাস্যোজ্জ্বলভাবে ও সাবলীল ভঙ্গিতে অভিবাদন গ্রহণ করেন মাগুরার কৃতী এ সন্তান।
মাগুরার ঢাকারোড় বাসস্ট্যান্ড হয়ে সাকিব জামরুলতলায় দলীয় কার্যালয়ে পৌঁছান। দলীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্য রাখেন সাকিবসহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু ও মাগুরা-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী বীরেন শিকদার।

সেখানে সাকিব বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য মডেল। সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারব, এরচেয়ে গর্বের কিছু নেই। মাগুরা-১ আসনের বিষয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমি মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন সাইফুজ্জামান শিখরের হাত ধরে এই নির্বাচনী এলাকায় সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। তিনি অনেক কষ্ট করে মাগুরাকে সাজিয়েছেন। দল ও সাইফুজ্জামান শিখর, অপর সংসদ সদস্যকে সাথে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

নির্বাচনে মাগুরা-১ আসনে সাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ’র কে এম মোতাসিম বিল্লা (টেলিভিশন প্রতীক) ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (সোনালী আঁশ প্রতীক)।
একইদিনে মাগুরা-২ আসন থেকে পাঁচজনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টির মো. মুরাদ আলী (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), তৃণমূল বিএনপির মো. আখিদুল ইসলাম (সোনালী আঁশ প্রতীক) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. আসাদুজ্জামান একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন।







