বিনোদন

নিউ ইয়র্ক ঘুরে এখন সাজেকে ‘রাজকুমার’!

২২ ঘণ্টার লং জার্নি শেষে বুধবার সকালে ঢাকায় নেমে বিকেলেই শাকিব উড়ে গেলেন সাজেক

সাজেক ভ্যালিতে পর্যটকদের ভিড়, হেলিকপ্টার ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক থেকে ফিরে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা, হেলিকপ্টার ও পাহাড়ের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে টানা ১৮ দিনের শুটিং সেরে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকায় ফিরেছেন সুপারস্টার শাকিব খান।

২২ ঘণ্টার লং জার্নি শেষে ঘণ্টা তিনেক গুলশানের বাসায় বিশ্রাম নিয়ে বিকেলেই আবার হেলিকপ্টারে উড়ে রাঙামাটির সাজেকে উড়াল দিলেন তিনি।

রোজার ঈদে ছবিগুলোর মধ্যে সবচেয়ে ধামাকা হতে যাচ্ছে শাকিবের ‘রাজকুমার’। এ ছবির পুরো শুটিং প্রায় শেষ, বাকি দুদিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতে সাজেক গেছেন জনপ্রিয় এই চিত্রতারকা। হেলিকপ্টার যোগে শাকিবের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

মার্কিন মুলুকে শুটিং শেষ করে দুদিন আগে ঢাকায় ফিরেছিলেন পরিচালক হিমেল আশরাফ। বুধবার বিকেলে শুটিংয়ে সাজেকে গেলেন শাকিব খান।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বিশ্বব্যাপী সাফল্য পাওয়া ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সংশ্লিষ্টরা বলছেন, দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি। পরিচালক হিমেল আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

গেল ডিসেম্বরে ঢাকায় ছবিটির শুটিং শুরু হয়েছিল। পরে শুটিং হয়েছে চেন্নাই ও মার্কিন মুলুকে। এতে শাকিবের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

বিষয়:রাজকুমার শাকিব খান সাজেক হিমেল আশরাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…