খানিক পর শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযানে নেমে পড়বে বাংলাদেশ। সেই ম্যাচের আগে দলের অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, তিনি কখনো হারতে চান না। হোক সেটি গ্রামের ক্রিকেট অথবা লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ, সবখানেই তার জয় পাওয়ার মানসিকতা। জয়ের মানসিকতাই নাকি তাকে ‘সাকিব আল হাসান’ হিসেবে গড়ে তুলেছে।
ধর্মশালায় শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় আফগানদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ২৩ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে এটিই দুদলের প্রথম ম্যাচ।
ম্যাচের আগে সাকিব আল হাসান ও বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই ভিডিওতেই সাকিব জানিয়েছেন তার সবসময় জয়ের মানসিকতার কথা।
‘আমি অনুভব করি আমি কখনো হারতে চাই না, একদম না। সব সময় জিততে পছন্দ করি। সেটা হোক গ্রামে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে। জয়ের এই মানসিকতাটাই বোধহয় আমাকে সাকিব আল হাসান বানিয়েছে।’
ইংল্যান্ডে হওয়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন টাইগার অলরাউন্ডার। ওই আসরে ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয়।
সেই বিশ্বকাপ নিয়ে সাকিব বলেছেন, ‘২০১৯ সালের বিশ্বকাপটা আমার ক্যারিয়ারে একটি অন্যতম সেরা বিশ্বকাপ ছিল। নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বলতে গেলে পাগল ছিলাম, সব কিছু (পারফরম্যান্স) করতে চেয়েছি।’
টেস্ট ও টি-টুয়েন্টির চেয়ে সাকিবের কাছে পছন্দের ফরম্যাটটিও ওয়ানডে। একদিনের ক্রিকেট নিয়ে সাকিব বলেছেন, ‘এই ফরম্যাটটা আমার পছন্দের। বড়ই হয়েছি ওয়ানডে খেলে খেলে। ছোটবেলা থেকে এটা সম্পর্কে জানাশোনা ছিল। টি-টুয়েন্টি আর টেস্টের জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে।’







