আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। এবার খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সিপিএলে নামার আগে সাকিব জানালেন, টুর্নামেন্টে দারুণ কিছু করতে চান।
সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে খেলবেন সাকিব। তিনি দলের সঙ্গে যোগ দেয়ার পর একটি ভিডিও প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে শুরুতেই সাকিব বলেছেন, ‘এখানে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। অ্যান্টিগাতে যোগ দিচ্ছি। মাঠে নামার ব্যাপারে দারুণ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। হ্যাঁ, আগেও খেলা হয়েছে বেশ কয়েকবার বিভিন্ন দলে। আশা করি এই বছরটাও আমার হবে।’
‘আমাদের দলটা অনেক ভালো, মাঠে এবং মাঠের বাইরে। পল নিক্সন, কার্টলি অ্যামব্রোসের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা হবে। তরুণরাও রয়েছে দলে। যদি ভালোভাবে মিশে যেতে পারি আমরা, আমরা ভালো একটি টুর্নামেন্ট কাটাতে পারব।’
বোলার না ব্যাটার, কোন দায়িত্বে সাকিব বেশি ভালো? টাইগারদের কিংবদন্তি বলেছেন, ‘তাদেরকেই (ক্লাব) সেটা মূল্যায়ন করতে দিন। আমি চাই দুই বিভাগেই যেন অবদান রাখতে পারি অ্যান্টিগার হয়ে। ক্যারিবিয়ানে অনেক কিংবদন্তি খেলোয়াড় আছেন। স্যার ভিভিয়ান রিচার্ডস এমনই একজন। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ হতে চলেছে। আশা করি তার সঙ্গে দেখা হবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে।’
শুক্রবার পর্দা উঠবে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা লড়বে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে লড়াই।







