বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর অবসরের পরিকল্পনার কথা আগেই বলেছিলেন। ভারতে যাওয়ার পূর্বে এক সাক্ষাৎকারে এটিও জানিয়েছিলেন, বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন।
টাইগার অলরাউন্ডারের বলা কথাটিকে অবশ্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিসিবি। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে বোর্ড তাই শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপের আগে তিনি অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে আমাদের জানাননি। আমরা বিশ্বাস করেছিলাম যে সাক্ষাৎকারটি কোনো আনুষ্ঠানিক বিষয় নয়।’
আঙুলের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় দেশে ফেরেন সাকিব। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনি খেলতে পারবেন না। বিসিবিকে তাই সাদা পোশাকের ক্রিকেটে আসন্ন সিরিজে নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে।







