টুর্নামেন্ট শুরুর আগে সাকিব আল হাসান বলেছিলেন, এবার সিপিএলে দারুণকিছুই করে দেখাতে চান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে উল্টো শুরুটা একদম ভালো হল না তার। ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব, হেরেছে দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসও।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে সাকিবের দল। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। ১৬ বলে ১১ রানের মন্থর এক ইনিংস খেলেন। ইনিংসে ছিল না কোন চার-ছক্কা। সালামখেইলের বলে হোল্ডারের ক্যাচ হয়ে ফেরেন সাকিব।
১০ রানে থাকতে একবার জীবন পান সাকিব। নাসিম শাহর বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলেছিলেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ছাড়েন জিড গুলি। সুযোগের কাজে লাগাতে পারেননি।
১৭ ওভার ১ বলে ১২১ রানে অলআউট হয় সাকিবের দল। বোলিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব। তাকে দিয়ে করানো হয়েছে কেবল এক ওভার। কোন উইকেট শিকার করতে পারেননি। দিয়েছেন ৬ রান। শেষপর্যন্ত ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় সেন্ট কিটস।
১৭ আগস্ট বার্বাডোস রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে অ্যান্টিগা।

