ক্যান্সার জয় করে মাঠে ফিরলেন অজি ব্যাটার

১৮ মাসের কঠিন লড়াই শেষে আবারও ক্রিকেটের মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার নিকোলাস জেমস মেডিনসন। অণ্ডকোষের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই, চিকিৎসা ও নানা শারীরিক জটিলতা পেরিয়ে ৩৪ বছর বয়সে আবারও জাতীয় দলে ফিরলেন।
শেফিল্ড শিল্ডে খেলার সময় মেডিনসনের অণ্ডকোষের ক্যান্সার শনাক্ত হয়। তখন দুর্দান্ত ছন্দে ছিলেন এই ব্যাটার। শেফিল্ড শিল্ডে প্রায় ৫২ গড়ে রান করলেও প্রাণঘাতী রোগের চিকিৎসার জন্য ক্রিকেট থেকে দূরে সরে যেতে হয় তাকে। চিকিৎসকদের পরামর্শেই সাময়িকভাবে খেলাধুলা থেকে নিজেকে সরিয়ে নেন মেডিনসন।
ক্যান্সারের চিকিৎসার সময় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় মাথার চুল পড়ে যায়। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত স্টেরয়েডও নিতে হয়েছে তাকে। শারীরিক ধকলের পাশাপাশি মানসিকভাবেও ছিল কঠিন পরীক্ষা।
তবে ক্রিকেটে ফেরার ইচ্ছা থেকে সরে যাননি। দীর্ঘ চিকিৎসা শেষে ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও ঘরোয়া ক্রিকেটে ফেরেন। ১৮ মাসের বিরতির পর মাঠে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন অজি ব্যাটার। অবশেষে আবারও লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন মেডিনসন।






