আবারও শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা ও কুকুরের মাধ্যমে নিরাপত্তা পরীক্ষা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
একটি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আবারও হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার হুমকি দেয়া হয়েছে।
হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানায়, এপিবিএন ডিউটি অফিসারের নম্বরে আমরা আরেকটি সম্ভাব্য হুমকি পেয়েছি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে।
তিনি আরও জানান, প্রোটোকল অনুযায়ী সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব অপারেশন স্বাভাবিকভাবে চলছে।
এর আগে বুধবার পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে উচ্চ মাত্রার ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটানো হবে।
এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবির ভূঁইয়া জানান, বোমা হামলার হুমকির কারণে সকাল ৯টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ করা হয়, যেন ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বোমা থাকার বিষয়টি খটকা লাগছে। তবু আমরা নিরাপত্তা জোরদার করেছি। সেই সঙ্গে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’






