‘ঘাতক নই, আমি প্রেমিক’- বললেন কিং শাহরুখ!

বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই যেন নতুন কোনো চমক আর উন্মাদনা। মঙ্গলবার (২৭ অক্টোবর) তেমনই এক চমক নিয়ে হাজির হলেন কিং খান।
এদিন নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারে শাহরুখের নতুন লুক যেমন নজর কেড়েছে, তেমনি তার দেওয়া সংলাপও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়। বিশেষ করে শাহরুখের পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়। এবার পোস্টার প্রকাশের পরও তার ব্যতিক্রম হয়নি।
পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন শাহরুখ। তার চুল ও দাড়িতে পাক ধরেছে। পোশাকের ওপর রক্তের দাগ, মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন। পুরো দৃশ্যজুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের আবহ। সব মিলিয়ে রোমান্টিক নায়কের পরিচিত চেহারা ছেড়ে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন শাহরুখ।
পোস্টারের সঙ্গে একটি সংলাপও জুড়ে দিয়েছেন কিং খান। লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল… ঘাতক নই, আমি প্রেমিক।’ সংলাপটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাকশনধর্মী আবহের পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’






