বিনোদন

মান্নাতে নয় জন্মদিনে যে জায়গায় ভক্তদের দেখা দিলেন শাহরুখ

মান্নাতে নয় জন্মদিনে যে জায়গায় ভক্তদের দেখা দিলেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে উৎসব। প্রতিবছরের মতো এবারও ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে রাত থেকেই মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত। একবার প্রিয় তারকার দর্শন পাওয়ার আশাতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন তারা।

তবে জন্মদিনের আগের সন্ধ্যাতেই অনুরাগীদের জন্য অন্য পরিকল্পনা ছিল কিং খানের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে মান্নত ছেড়ে দক্ষিণ মুম্বাইয়ের তাজ হোটেলে পৌঁছে যান অভিনেতা।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গভীর রাত পর্যন্ত চলে জন্মদিনের উদযাপন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সোমবার (২ নভেম্বর) ভোর পর্যন্ত হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল শাহরুখের বিলাসবহুল গাড়ি।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তার দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানও। বাবার বিশেষ দিনে তারাও উদযাপনে যোগ দিয়েছিলেন বলে খবর। তবে খুব একটা প্রচারের আলোয় না এসেই হোটেল ছেড়ে বেরিয়ে যান তারা।

তবে জন্মদিনের রাতে পরিবারের সঙ্গে সময় কাটালেও অনুরাগীদের নিরাশ করেননি শাহরুখ। হোটেল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় তাকে ঘিরে ধরেন ভক্তরা। চারপাশ থেকে ভেসে আসে ‘আই লাভ ইউ’ ধ্বনি। পাল্টা হাত নেড়ে এবং ফ্লাইং কিস ছুড়ে তাদের ভালোবাসার জবাব দেন অভিনেতা। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শাহরুখের ফ্যান ক্লাব ‘শাহরুখ খান ওয়ারিয়র্স’ এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লেখে, ‘অবশেষে বার্থডে বয়ের দেখা মিলল। সামান্য একটুখানি হাত নাড়া, অথচ তাতেই উপচে পড়ল আনন্দ। শুভ জন্মদিন কিং খান!’

শুধু নিজের জন্মদিন উদযাপন নয়, অনুরাগীদের জন্যও বিশেষ চমক রেখেছিলেন শাহরুখ। তার বাড়ি মান্নাতকে কার্যত বিশাল পর্দায় পরিণত করা হয়েছিল। সেখানে দেখানো হয় তার আগামী ছবি ‘কিং’-এর ঝলক। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিতে ‘কিং’র একটি নতুন গানও দেখানো হয়। পাশাপাশি ভক্তদের জন্য ছিল শাহরুখের নিজের হাতে লেখা একটি বিশেষ বার্তা।

সেই বার্তায় লেখা ছিল, ‘যে হৃদয়গুলো তাকে কিং বানিয়েছে, তাদের জন্য রইল অনেক ভালোবাসা।’ জন্মদিনের ঠিক মাঝরাতেই নিজের আগামী ছবি ‘কিং’-এর প্রথম গানও প্রকাশ করেছেন শাহরুখ। সব মিলিয়ে ৬১তম জন্মদিনে পরিবার, বন্ধু এবং অনুরাগীদের ভালোবাসায় ভাসলেন বলিউডের বাদশা।

বিষয়:কিং জন্মদিন বলিউড বাদশাহ মান্নাত শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…