বলিউডে ২ নভেম্বর মানেই আলাদা এক উৎসব! কারণ এদিন বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর ৫৯ পূর্ণ করলেন এই সুপারস্টার। তবে প্রতি বছরের মত এবারের জন্মদিনের প্রথম প্রহরে শাহরুখের বাড়ি মান্নাতের ছাদে দেখা মেলেনি শাহরুখের।
প্রায় প্রতিবারই ১ নভেম্বর মধ্যরাত থেকেই শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন তার অনুরাগী। এবার দিওয়ালি ও জন্মদিনের উৎসব থাকায় ৩১ অক্টোবর থেকেই সেজে উঠেছে মান্নাত। তাইতো জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্তরাও ছিলেন শাহরুখের অপেক্ষায়।
জন্মদিনে বাড়ির ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন বাদশা, এটা যেন প্রায় রেওয়াজের মতো হয়ে গিয়েছে। নিজের বিখ্যাত পোজ-এ দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। মোটামুটি রাতের দিকেই ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। কিন্তু এবার যেন তার ব্যতিক্রম হলো। বেলা গড়িয়ে গেলে, কিন্তু দেখা মিলল না শাহরুখের।
জানা গেছে, ২ নভেম্বর মধ্যরাতে রানী মূখার্জি ও আদিত্য চোপড়ার দিওয়ালি পার্টিতে অংশ নিতে যাওয়াতেই মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে দেখা করতে পারেননি শাহরুখ।
এদিকে শোনা যাচ্ছে, শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি। তালিকায় রয়েছেন বলিপাড়ার নামজাদা তারকারা।
শাহরুখ ভক্তদের অপেক্ষা শেষ হয়নি এখনো। সময়ও আছে হাতে। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই এবার আড়ালে বাদশা। এমনিতেই সালমান খানকে একের পর এক হুমকি দেয়া হচ্ছে। গত মাসে দশেরাতেই বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সেই সময়ও শাহরুখকে দেখা যায়নি সেখানে। তবে কি এ বছরটা আড়ালেই থাকবেন শাহরুখ! নাকি দেখা দেবেন নিজস্ব ভঙ্গিতে! অপেক্ষায় অনুরাগীরা।- মিড ডে







