লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে হামলা, ডুবে গেছে অধিকাংশ অংশ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে নোঙর করে থাকা রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) রাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে হামলার ঘটনা ঘটে। জাহাজটি একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল। বন্দরসংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোন দিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির একটি ছোট যুদ্ধজাহাজ। হামলার পর জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে যায়। স্যাটেলাইট চিত্রে শুধু সামনের অংশ পানির ওপরে দেখা গেছে। জাহাজের ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বন্দরের জেটিজুড়েও বিস্ফোরণে সৃষ্ট ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল।
এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য বন্দরে অবস্থান করছিল।
এদিকে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে একাধিক ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
তবে এ হামলার বিষয়ে ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





