প্রবাস সংবাদ

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মনজুরুল হক মারা গেছেন

জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মনজুরুল হক মারা গেছেন

ছবি: সংগৃহীত

জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক মারা গেছেন। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় জাপানের ফুটাবা শহরে নিজের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী ইউমিকো কিকুচি, এক কন্যা ও তিন নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ভাই বিশিষ্ট প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মনজুরুল হক। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। জাপানেই তাকে দাফনের ব্যবস্থা করা হবে।

১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মনজুরুল হক। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৮০-এর দশকের গোড়ায় ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে কাজের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন তিনি। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ডের বাংলা বেতার অনুষ্ঠানে প্রযোজক হিসেবে কাজ করতে লন্ডনে যান। ১৯৯৪ সাল থেকে জাপানে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন মনজুরুল হক। এ ছাড়া জাপানের এনএইচকে ওয়ার্ল্ড বেতার সম্প্রচারে কাজ করেছেন। ২০২১ সাল থেকে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক মায়ানিচি শিম্বুনে কলাম লিখেছেন।

১৯৯৮ সালে প্রথম আলো প্রকাশের পর থেকেই পত্রিকাটির টোকিও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংবাদ সংগ্রহের কাজে জাপানের ৪৭টি জেলার সব কটিতে ভ্রমণ করেছেন। জাপানের সম্রাটের আমন্ত্রণে সরাসরি সাক্ষাৎ ও আলাপের সুযোগ পাওয়া বিরল বিদেশি সাংবাদিকদের একজন ছিলেন তিনি।

২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি সাংবাদিক হিসেবে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পান মনজুরুল হক। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

জাপান ফরেন করেসপনডেন্টস ক্লাবের (এফসিসিজে) আজীবন সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে ক্লাবটির সভাপতি এবং বিভিন্ন সময়ে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলায় প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রনাথের জাপান’, ‘জাপানে রবীন্দ্রনাথ’, ‘হিরোশিমা নাগাসাকির কথা’ ও ‘আমার জাপান জীবনের স্মৃতি’। এ ছাড়া হায়দার আলী খানের সঙ্গে যৌথভাবে ‘গিয়োম আপোলিনেয়ারের কবিতা: অশ্রুভেজা চোখে করাঘাত’ এবং মতিউর রহমানের সঙ্গে ‘চে: বন্দুকের পাশে কবিতা’ প্রকাশিত হয়েছে।

কসমস বুকস থেকে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণাবিষয়ক তার দুই খণ্ডের গ্রন্থ ‘আ স্টোরি অব মাই টাইম’ এবং ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার’।

বিষয়:মনজুরুল হক মুক্তিযুদ্ধ মৃত্যু সাংবাদিক-লেখক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…