প্রবাস সংবাদ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়, অন্টারিও লিবারেল পার্টির নতুন নেতা নবদীপ বেইন্স

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়, অন্টারিও লিবারেল পার্টির নতুন নেতা নবদীপ বেইন্স

ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশের লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাবেক ফেডারেল মন্ত্রী ও সংসদ সদস্য নবদীপ বেইন্স। শনিবার (২১ নভেম্বর) দলীয় নেতৃত্ব নির্বাচনের শেষ দফায় মাত্র ০.৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পান তিনি।

তৃতীয় ও শেষ দফার ভোটে বেইন্স পেয়েছেন ৫০.৩ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী লি ফেয়ারক্লাফ পেয়েছেন ৪৯.৭ শতাংশ ভোট।

নতুন দায়িত্ব গ্রহণের পর বেইন্সের প্রথম লক্ষ্য দলকে ঐক্যবদ্ধ করা এবং আগামী প্রাদেশিক নির্বাচনের জন্য প্রস্তুত করা। তিনি বলেন, নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শেষ হলেও ডগ ফোর্ডের প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টিকে পরাজিত করার লড়াই এখন শুরু।

ফেডারেল রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বেইন্সের। জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল সরকারের সময় তিনি উদ্ভাবন, বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২১ সালে ফেডারেল রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর বেসরকারি খাতে কাজ করেন তিনি।

তবে নতুন নেতা হিসেবে তার সামনে বড় চ্যালেঞ্জ হলো প্রাদেশিক আইনসভা কুইন্স পার্কে নিজের আসন নিশ্চিত করা। বর্তমানে আইনসভায় তার কোনো নির্বাচিত আসন নেই। ভবিষ্যতে প্রাদেশিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

২০১৮ সাল থেকে অন্টারিওতে ক্ষমতায় রয়েছে ডগ ফোর্ডের প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি। নতুন নেতৃত্বে লিবারেল পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ক্ষমতার পরিবর্তন ঘটানোই এখন নবদীপ বেইন্সের প্রধান রাজনৈতিক লক্ষ্য।

বিষয়:কানাডার অন্টারিও নবদীপ বেইন্স লিবারেল সরকার
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…