বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে অনেকে দেশটিতে অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সমুদ্রপথে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়ায় গিয়ে নানা দুর্ভোগের মুখে পড়েন তাদের অনেকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় গিয়েছিলেন বলে জানা গেছে। তবে ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও তাদের অনেককে সেখানে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কারও কারও অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। এতে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

অনিয়মিত পথে বিদেশযাত্রার ঝুঁকি এবং মানবপাচারকারীদের প্রতারণা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, তাদের বাস্তব অভিজ্ঞতা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবৈধ পথ বেছে নেওয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে সহায়তা করবে।

এদিকে দেশে ফেরত আসা প্রত্যেকের প্রাথমিক প্রয়োজন মেটাতে সহায়তা দিয়েছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে যাতায়াতের খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সুবিধাও রাখা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে (ডিটেনশন সেন্টার) এখনো আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

বিষয়:১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন লিবিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…