হজযাত্রীদের সৌদি আরবে অনুমোদনহীন বাড়িতে ওঠানোর অভিযোগে হাব সভাপতির এজেন্সিসহ কয়েকটি বাংলাদেশি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার।
এজন্য ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্টকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। যেসব এজেন্সি এখনো তাদের ৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে পারেনি সেরকম ৩৬ হজ এজেন্টকে তলব করা হয়েছে।
হজযাত্রীদের সৌদি আরবে অনুমোদিত বাড়িতে ওঠানোর পর সার্ভিস কোম্পানিকে অবহিত না করে তাদের অনুমোদনহীন বাড়িতে স্থানান্তর করা হয়। এজন্য সৌদি সরকার চ্যালেঞ্জার ট্রাভেলস এন্ড ট্যুরস এবং এর মোনাজ্জেমকে কালো তালিকাভুক্ত করে। এর প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট হজ এজেন্টকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন বলেন, বেসরকারি ৭০ হজ এজেন্সির মধ্যে ৩৬ এজেন্সির কার্যক্রম উদ্বেগজনক উল্লেখ করে চিঠি দিয়েছে ঢাকা হজ অফিস।
তিনি আরও বলেন, এবছর ৮৭ হাজার ১০০ হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ভিসা হয়েছে ৮৬ হাজার ৭৩৭ জনের। এর মধ্যে ৪৮ হাজার ৬৬ জন সৌদি আরব পৌঁছেছেন।







