ফেডারেল অনুদান, ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। এই আদেশ কার্যকর হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে বিভিন্ন সেবামূলক কার্যক্রম।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৮ জানুয়ারি) মঙ্গলবার বিকেল থেকে এই আদেশ কার্যকর হতে শুরু করেছে। তবে এর প্রভাব কী হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এই আদেশের কারণে গরীব দেশগুলোতে যুক্তরাষ্ট্র পরিচালিত এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষা এবং সদ্যোজাত শিশুদের জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহও কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর বিরুদ্ধে বেশ কয়েকটি অলাভজনক সংস্থা ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থগিতাদেশ সামাজিক নিরাপত্তা বা মেডিকেয়ার সুবিধাগুলোকে প্রভাবিত করবে না।
জবাবে মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, এই পদক্ষেপের কারণে বিপুল সংখ্যক কর্মীদের বেতন ও ভাড়া পরিশোধ বন্ধ হয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে।








