রোববার প্রথম রাউন্ডের খেলা দিয়ে বসতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বাছাই শেষে মাঠে গড়াবে ‘সুপার টুয়েলভ’ তথা মূল আসর। আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক অস্ট্রেলিয়া। চার-ছক্কার ফুলঝুরি দেখতে দেশটিতে ভ্রমণ করছে লাখো ক্রিকেটপ্রেমী। তাদের বরণ করে নিতে প্রস্তুত সাত ভেন্যুর শহরগুলো।
কোথায় কোথায় গড়াবে ব্যাট-বলের ঠুক-ঠাক, কোথায় উন্মাদনা সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে? সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে এবারের ছোট ফরম্যাটের বিশ্ব আসরে ভেন্যু হোবার্টের বেলেরিভ ওভালের গল্প।
ডারওয়েন্ট নদীর একদম পাশেই মনোমুগ্ধকর বেলেরিভ ওভাল বা ব্লান্ডস্টোন অ্যারেনা। বোলাররা বল সুইং করাতে পারবেন, ব্যাটারদের রান করতেও ধুঁকতে হবে না। আদতে রানপ্রসবা পিচের বেলেরিভ ওভালে মূলত সমস্যা তৈরি করতে পারে বাতাসের তীব্র বেগ।
অসাধারণ সুন্দর ক্রিকেট ভেন্যুটিতে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও আয়োজন করা হয়। ইতিহাস বলছে, ১৯৯৪ সালে এখানে প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচের লড়াই জমেছিল।
ফুটবলের মাঠ হিসেবে পরিচিতি থাকলেও তাসমানিয়া প্রদেশের স্টেডিয়ামটি এখন প্রাদেশিক দল তাসমানিয়া টাইগার্স ও হোবার্ট হ্যারিকেনসের হোম গ্রাউন্ড। ক্রিকেটে মাঠটির ইতিহাসও অনেক পুরনো। ১৯১৪ সালে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিল কর্তৃপক্ষ। ১৯৮৯ থেকে ওয়ানডে ও ১৯৮৮ থেকে এখানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের অংশ ছিল হোবার্টের মাঠটি।
তাসমানিয়ার একমাত্র ক্রিকেট মাঠ এটি। যাতে বসতে চলেছে টি-টুয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। ‘বি’ গ্রুপের বাছাই পর্বের সবগুলো ম্যাচের পাশাপাশি এখানে হবে মূলপর্বের আরও তিনটি ম্যাচ। অক্টোবরের ২৪ তারিখ ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে এই মাঠেই খেলবে বাংলাদেশ।
আধুনিক সকল সুযোগ-সুবিধা আছে ভেন্যুটিতে। ২০১০ সাল থেকে নিয়মিত টি-টুয়েন্টি ক্রিকেট আয়োজন করা হচ্ছে। ভেন্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে ২০০০ সালের পর থেকে জোরেশোরে কাজ চালিয়ে গেছে হোবার্ট কর্তৃপক্ষ। ২০১৫ সালে প্রায় ১৫ মিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হয়।
মাঠে নতুন করে যুক্ত হয়েছে রিকি পন্টিং স্ট্যান্ড ও ডেভিড বুন স্ট্যান্ড। বসানো হয়েছে ফ্ল্যাডলাইট, তৈরি করা হয়েছে ইনডোর মাঠ ও তাসমানিয়া ক্রিকেট বোর্ডের জন্য রয়েছে বেশকিছু ভবন।
নিয়মিত অ্যাশেজসহ সব ফরম্যাটের ক্রিকেট ম্যাচের সাক্ষী হয়ে থাকা মনোমুগ্ধকর মাঠটিতে এবার ওয়ানডের পর টি-টুয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপের ছোঁয়াও লাগতে চলেছে।







