নিজে পুশ করা ইনজেকশন, জন্মনিয়ন্ত্রণে নতুন দিগন্ত
ইনসেপ্টার ‘মেডোজেন সাবকিউ’ কী, কীভাবে কাজ করে, কারা ব্যবহার করতে পারবেন, কী সুবিধা এবং খরচ কত; জেনে নিন বিস্তারিত।

সংগৃহীত
প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার কথা মনে রাখতে হবে না। জন্মনিয়ন্ত্রণের জন্য বারবার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ারও দরকার নেই। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেরাই ব্যবহার করতে পারবেন গর্ভনিরোধক ইনজেকশন।
এমনই একটি ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মঙ্গলবার ২৪ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটি বলছে, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফিকেশন পাওয়া এ ধরনের বিশ্বের প্রথম জেনেরিক গর্ভনিরোধক ইনজেকশন এবং বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসভিত্তিক স্ব-প্রয়োগযোগ্য (নিজে পুশ করা) গর্ভনিরোধক ইনজেকশন।
মেডোজেন সাবকিউ কী?
এটি একটি হরমোনভিত্তিক অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। এর মূল উপাদান মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট (ডিএমপিএ)। প্রচলিত জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন মাংসপেশিতে দেওয়া হলেও নতুন এই ইনজেকশন ত্বকের নিচে প্রয়োগের জন্য তৈরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফায়েড ওষুধের তালিকায় ইনসেপ্টার এই ইনজেকশন অন্তর্ভুক্ত রয়েছে।

কীভাবে কাজ করে?
ইনজেকশনটির হরমোন প্রধানত ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ বন্ধ রাখে। পাশাপাশি জরায়ুমুখের শ্লেষ্মা ঘন করে গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়।
এটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নয়। ব্যবহার বন্ধ করলে পরবর্তী সময়ে গর্ভধারণের সক্ষমতা ফিরে আসতে পারে। তবে এ জন্য কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে।
কী কী সুবিধা রয়েছে?
প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার প্রয়োজন নেই।
একটি ইনজেকশন প্রায় তিন মাস কার্যকর থাকে। স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের প্রয়োজন কমে।
ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার সুযোগ বাড়ে।
এতে ইস্ট্রোজেন হরমোন নেই।
প্রশিক্ষণপ্রাপ্ত ব্যবহারকারীর স্বনির্ভরতা বাড়াতে পারে।
এ ছাড়া চিকিৎসকের তত্ত্বাবধানে এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও ওষুধটির ব্যবহারের কথা জানিয়েছে ইনসেপ্টা।
কীভাবে ব্যবহার করা হয়
মেডোজেন সাবকিউয়ের সঙ্গে রয়েছে ইউনিজেক্ট নামের বিশেষ ডিভাইস। এতে আগে থেকেই নির্ধারিত পরিমাণ ওষুধ ভরা থাকে।
এটি ব্যবহারের প্রক্রিয়ায় কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ:
চিকিৎসকের পরামর্শ : শারীরিক অবস্থা, চিকিৎসার ইতিহাস এবং গর্ভধারণের সম্ভাবনা বিবেচনা করে চিকিৎসক এর উপযোগিতা নির্ধারণ করবেন।
প্রয়োজনীয় প্রশিক্ষণ : চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ইউনিজেক্ট ডিভাইসের নিরাপদ ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।
পরবর্তী ডোজের সময় নির্ধারণ : সাধারণত ১২ থেকে ১৪ সপ্তাহের ব্যবধানে পরবর্তী ডোজের প্রয়োজন হয়। চিকিৎসকের নির্ধারিত সময়সূচি অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য পর্যবেক্ষণ : কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্ব-প্রয়োগযোগ্য হলেও সরাসরি প্রশিক্ষণ ছাড়া নিজ শরীরে ইনজেকশন প্রয়োগ করা উচিত নয়।

কারা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন?
গর্ভবতী নারী, স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি, গুরুতর লিভারের রোগী, অজানা কারণে যোনিপথে রক্তপাত হচ্ছে এমন নারী এবং হাড়ের ঘনত্বজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ চিকিৎসাগত মূল্যায়ন প্রয়োজন।
সন্তান জন্মদানের পর এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?
অন্যান্য হরমোনভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির মতো এ ক্ষেত্রেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন:
অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ থাকা।
মাথাব্যথা।
ওজনের পরিবর্তন।
মেজাজের পরিবর্তন।
দীর্ঘমেয়াদি ব্যবহারে হাড়ের ঘনত্ব হ্রাস।
সবার ক্ষেত্রে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। তবে এই ইনজেকশন যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধ করে না।
নারীর প্রজননস্বাস্থ্যে নতুন সম্ভাবনা
বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে সামাজিক সংকোচ, স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব, সময়ের অভাব এবং স্বাস্থ্যসেবা পাওয়ার সীমাবদ্ধতা অনেক নারীর জন্য বাধা হয়ে দাঁড়ায়।
স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন এসব বাধা কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কর্মজীবী নারী এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নারীদের জন্য এটি নতুন একটি বিকল্প হতে পারে।
তবে শুধু নতুন প্রযুক্তি বাজারে আনাই যথেষ্ট নয়। এর সুফল সবার কাছে পৌঁছে দিতে প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, জনসচেতনতা, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য চিকিৎসাসেবা।
সতর্কতা : জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর নিজস্ব সিদ্ধান্ত, শারীরিক নিরাপত্তা ও চিকিৎসাগত উপযোগিতাই হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।






